ছবি: আপন দেশ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এ মুহূর্তে সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না। সোমবার (০৬ এপ্রিল) সকালে রাজধানীর শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
ববি হাজ্জাজ বলেন, সরকার বা ক্যাবিনেট এ মুহূর্তে অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে কোনো বড় পরিকল্পনা করছে না। তবে শিক্ষাখাত নিয়ে সরকারের বড় ধরনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে অতীতের ঝুলে থাকা কাজগুলো সম্পন্ন করে এ খাতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষাখাতে সরকারের বরাদ্দকৃত অর্থ কীভাবে সঠিকভাবে এবং কার্যকরভাবে ব্যয় করা যায়, তা নিশ্চিত করতেই এ পরিদর্শন কার্যক্রম চলছে। এসময় আগামী মে-জুন মাসের মধ্যে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক স্কুলগুলো পরিদর্শন করা হবে।
বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ভাবনায় রয়েছে সপ্তাহে ৬ দিন ক্লাস নেয়া। এর মধ্যে ৩ দিন অনলাইনে এবং ৩ দিন সশরীর পাঠদান হতে পারে। অর্থাৎ, একদিন অনলাইন হলে পরের দিন সশরীর ক্লাস। এ ক্ষেত্রে শিক্ষকেরা বিদ্যালয়ে উপস্থিত থেকে অনলাইন পাঠদান পরিচালনা করবেন এবং ব্যবহারিক ক্লাসগুলো সশরীরেই হবে।
আরও পড়ুন <<>> এক অর্থবছরে যত শিক্ষক নিয়োগ দেয়া হবে
এ বিষয়ে চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (০৫ এপ্রিল) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অংশীজনদের সঙ্গে আলোচনার পর বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে যাবে। পরবর্তীতে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ সম্মেলন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































