Apan Desh | আপন দেশ

অবশেষে ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন ২০৬ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

অবশেষে ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন ২০৬ শিক্ষক

ছবি : আপন দেশ

দীর্ঘ অপেক্ষার অবসান শেষে দেশের বিভিন্ন সরকারি কলেজের ২০৬ জন শিক্ষককে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (০২ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনের তথ্যমতে, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে কেউ দুটি, আবার কেউ তিনটি পদোন্নতি পেয়ে প্রভাষক থেকে অধ্যাপক হয়েছেন। এ তালিকায় ১৯৯৫ সালে পদোন্নতি পাওয়া শিক্ষকও রয়েছেন। আত্তীকরণ বিধিমালা ২০০০ অনুযায়ী এসব শিক্ষক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত। তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দেয়া হয়েছে।

তবে এই ভূতাপেক্ষিক পদোন্নতি কেবল বেতন নির্ধারণের ক্ষেত্রেই গণনা করা হবে। কেউ কোনো বকেয়া প্রাপ্য হবেন না।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ঢাকার গত বছরের ২৭ নভেম্বরের রায়, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের ২০১৮ সালের ১ আগস্টের রায় ও রায় বাস্তবায়ন মামলার আদেশ প্রতিপালনের অংশ হিসেবে মামলার পিটিশনার শিক্ষকদের নির্দিষ্ট তারিখ থেকে ভূতাপেক্ষিক পদোন্নতি দেয়া হলো। 

বর্তমানে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে ইনসিটু হিসেবে যোগদান করবেন। অন্য শিক্ষকরা প্রযোজ্যতা অনুযায়ী ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ভূতাপেক্ষিক যোগদান করবেন।

আরও পড়ুন : শিক্ষাবৃত্তির আবেদনের সময় বেড়েছে

জানা যায়, পদোন্নতি, জ্যেষ্ঠতা ও বিধিসংক্রান্ত একাধিক মামলার রায় দীর্ঘদিন বাস্তবায়ন না হওয়ায় এসব শিক্ষকের পদোন্নতি আটকে ছিল। এরই মধ্যে অনেক শিক্ষক অবসরে চলে গেছেন। তবে আদালতের রায়ের আলোকে তাদের ক্ষেত্রেও পদোন্নতির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়