Apan Desh | আপন দেশ

দেশে স্বর্ণের বাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৭, ৩১ অক্টোবর ২০২৬

দেশে স্বর্ণের বাজারে বড় দরপতন

ছবি: আপন দেশ

দেশে স্বর্ণের বাজারে দরপতন অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টা না পেরুতেই আরেক দফা কমানো হলো মূল্যবান এ ধাতুর দাম। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কামিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে নতুন দর প্রকাশ করা হয়। এদিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। গতকাল শুক্রবার এ দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩০ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬২ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬৭ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ৩০ বার।

আরও পড়ুন<<>>দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এদিকে স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ১৯০ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, গয়নার নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পুরোনো গয়না বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ বাদ দিতে হবে। আর পুরোনো গয়না কেনার ক্ষেত্রে বাদ দিতে হবে ১৮ শতাংশ। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়