ছবি : আপন দেশ
চামড়া শিল্পের উন্নয়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, নীতিগতভাবে গুরুত্ব না দিলে সম্ভাবনাময় এ শিল্প ধীরে ধীরে ক্ষতির দিকে এগিয়ে যেতে পারে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ভবনের নিচতলায় ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বিশেষ করে দেশের ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগলের চামড়া বিশ্বে সমাদৃত। এ সম্পদকে কাজে লাগিয়ে উন্নত মানের জুতা ও অন্যান্য চামড়াজাত পণ্য উৎপাদন বাড়ানো সম্ভব।
চামড়া শিল্পের বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, ট্যানারি থেকে নির্গত রাসায়নিক বর্জ্য নদী, খাল-বিল ও পরিবেশে যাতে না পড়ে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বর্জ্য থেকে রাসায়নিক আলাদা করে পানি পুনর্ব্যবহারের উদ্যোগ নেয়া প্রয়োজন।
আরও পড়ুন <<>> ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম-চাকরিচ্যুতদের ফের অবস্থান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের পর এর আশপাশে নতুন করে বসতি গড়ে উঠলে ভবিষ্যতে আবার পরিবেশগত সংকট তৈরি হতে পারে। তাই এখনই পরিকল্পিত নীতিমালা করা দরকার।
বিসিকের বিভিন্ন শিল্পনগরীর অব্যবহৃত জায়গা কাজে লাগানোর আহবান জানিয়ে তিনি বলেন, উদ্যোক্তাদের জন্য এসব এলাকায় নতুন কারখানা গড়ে তোলার সুযোগ তৈরি করতে হবে। এতে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী মেলাটি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় ৪৯টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।
আপন দেশ/কেএম/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































