Apan Desh | আপন দেশ

কনটেইনার খালি, রফতানি দেখালো সাড়ে ৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৩, ৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:১৬, ৭ সেপ্টেম্বর ২০২৬

কনটেইনার খালি, রফতানি দেখালো সাড়ে ৫ কোটি টাকা

ছবি : আপন দেশ

কাগজে এক লাখ ২১ হাজার ১৭৫ কেজি পণ্য রফতানি দেখানো হলেও সংশ্লিষ্ট ডিপোতে বাস্তবে কোনো পণ্যের অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি পণ্য ডিপোতে প্রবেশের আগেই কীভাবে কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অনুসন্ধানে ভ্যালমন্ট ফ্যাশনস লিমিটেডের পাঁচটি সন্দেহজনক রফতানি চালান আটকের পর এসব তথ্য উঠে এসেছে। এসব চালানে মোট ৪ লাখ ৩৮ হাজার ৩০৪ মার্কিন ডলার বা প্রায় ৫ কোটি ৪৩ লাখ টাকার পণ্য রফতানি দেখানো হয়েছে।

এনবিআর জানায়, বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) কাস্টমস ব্যবস্থাপনা সফটওয়্যার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে রফতানি কনসাইনমেন্ট যাচাইয়ের সময় চালানগুলো কাস্টমস গোয়েন্দাদের নজরে আসে। প্রাথমিক বিশ্লেষণে পণ্যের গন্তব্য, ধরন ও ঘোষিত ওজনের মধ্যে অস্বাভাবিকতা ধরা পড়ে। একই সঙ্গে গত এক বছরে প্রতিষ্ঠানটির আমদানি করা কাঁচামালের তুলনায় ঘোষিত রফতানি পণ্যের পরিমাণও অস্বাভাবিক বলে প্রতীয়মান হয়।

আরও পড়ুন <<>> কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ

দাখিল করা ‘বিল অব এক্সপোর্ট’ অনুযায়ী, পণ্যগুলো ইসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো থেকে রফতানির কথা ছিল। তবে কাস্টমস গোয়েন্দাদের সরেজমিন পরিদর্শনে ডিপো কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট কোনো পণ্য দেখাতে পারেননি।

তাদের দাবি, রফতানির জন্য ঘোষিত পণ্য ডিপোতে প্রবেশই করেনি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, পণ্যের বাস্তব অস্তিত্ব ছাড়া রফতানি দেখানোর চেষ্টা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পণ্য ডিপোতে প্রবেশ না করেই কীভাবে কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। এতে রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, ডিপো বা অন্য কারও যোগসাজশ ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আপনদেশ/মিম/এসএস

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়