ছবি : আপন দেশ
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) এ বাজেট পেশ করবেন তিনি। এটি দেশের ৫৫তম, বর্তমান সরকারের চলতি মেয়াদের ও অর্থমন্ত্রীর প্রথম বাজেট। বাজেটে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। যা ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের দ্বিগুণের বেশি।
প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য সেবা বিভাগের জন্য বরাদ্দ নির্ধারণ করা হচ্ছে ৪৯ হাজার ৩৮৬ কোটি টাকা, যা আগের বছরের সংশোধিত বাজেট ২১ হাজার ৯৩৩ কোটি টাকা এবং মূল বাজেট ১৪ হাজার ৭৬৩ কোটি টাকার তুলনায় বেশি। এর মধ্যে উন্নয়ন খাতে ২৬ হাজার ৮০৫ কোটি টাকা রাখা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বরাদ্দ ১৩ হাজার ৪৬৬ কোটি টাকা ধরা হচ্ছে, যা আগের বছরের সংশোধিত বাজেট ৬ হাজার ১২১ কোটি টাকা এবং মূল বাজেট ৪ হাজার ২৬৮ কোটি টাকার তুলনায় বেশি। এ বিভাগের উন্নয়ন খাতে বরাদ্দ ৮ হাজার ২২১ কোটি টাকা।
স্বাস্থ্য সেবা বিভাগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দ ধরা হচ্ছে ২৬ হাজার ৮০৬ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে প্রকৃত ব্যয় ছিল ২ হাজার ১ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে মূল বাজেটে বরাদ্দ ১১ হাজার ৬১৭কোটি টাকা থাকলেও সংশোধিত বাজেটে তা ৩ হাজার ১১৮ কোটি টাকায় নেমে আসে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে এডিপি বরাদ্দ ৮ হাজার ২২১ কোটি টাকা ধরা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রকৃত ব্যয় ছিল ৪১২ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে মূল বাজেট ৫ হাজার ৯৩২ কোটি টাকা থেকে সংশোধিত বাজেটে ১ হাজার ৩৪৬ কোটি টাকায় কমে আসে। দুই বিভাগের সম্মিলিত এডিপি বরাদ্দ ধরা হচ্ছে ৩৫ হাজার ২৬ কোটি টাকা।
২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের মোট আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা; রাজস্ব সংগ্রহ লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এছাড়া এনবিআরের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। রাজস্ব ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যার ৪৮ শতাংশ পূরণ হবে বৈদেশিক উৎস থেকে আর অভ্যন্তরীণ উৎস থেকে আসবে ৫২ শতাংশ।
আরও পড়ুন : হার্টের রিংয়ের দাম কমলো প্রায় ৪৮ হাজার টাকা
এবার সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ থাকছে ৩০ শতাংশ। মেট্রোরেলেও ২৮ সাল পর্যন্ত থাকছে ভ্যাট অব্যাহতি। ঋণ ও আমানতে চার লাখ টাকা পর্যন্ত আবগারী শুল্ক মওকুফ। আগে ছিল ৩ লাখ টাকা। তবে স্বর্ণের প্রতি ভরিতে ভ্যাট বসছে ২৫০০ টাকা। আর নতুন করে দেশীয় মদে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট দিতে হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































