ছবি : আপন দেশ
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়া কেনাবেচায় বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চামড়া খাতে অর্থের প্রবাহ বাড়াতে এ নীতিগত ছাড় ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন সহজ করতে ঋণ নেয়ার শর্ত শিথিল করা হয়েছে। এতে মৌসুমি এ গুরুত্বপূর্ণ খাতে অর্থের সংকট কমবে বলে আশা করা হচ্ছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব ব্যবসায়ীর পুনঃতফসিল করা ঋণ রয়েছে, তারা নতুন ঋণ নেয়ার সময় পুরোনো ঋণের কিস্তি পরিশোধে সাময়িক ছাড় পাবেন। এ সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
নীতিনির্ধারকদের মতে, চামড়া শিল্প দেশের জন্য গুরুত্বপূর্ণ। এটি রফতানি আয়, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন ও মূল্য সংযোজনের বড় উৎস। প্রতি বছর এ খাতে ব্যবহৃত কাঁচামালের প্রায় অর্ধেকই আসে ঈদুল আজহার কোরবানির চামড়া থেকে।
এ কারণে এ সময় বাজারে অর্থের সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন <<>> ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া
প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে, কাঁচা চামড়া কেনার জন্য চলতি মূলধন ঋণ দ্রুত অনুমোদন ও বিতরণ করতে হবে। তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের কাছে এ অর্থ পৌঁছে দিতে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।
এছাড়া প্রতিটি ব্যাংককে চামড়া খাতে ঋণ বিতরণের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলা হয়েছে। ২০২৬ সালের লক্ষ্য ২০২৫ সালের ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম রাখা যাবে না।
এ লক্ষ্যমাত্রা ও ঋণ বিতরণের তথ্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































