বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তাপর্যায়ে পড়বে না। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে দেশে জ্বালানি তেল ও গ্যাসের মজুত বাড়ানো হচ্ছে। একইসঙ্গে এ খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, ভারত, নেপাল ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও কম। ফলে এ মূল্য পরিবর্তন সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো প্রভাব ফেলবে না।
আরও পড়ুন <<>> বাংলাদেশকে ২৫ কোটি ডলার দিচ্ছে এডিবি
তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে প্রায়ই চাপ তৈরি হয়। এ অবস্থা মোকাবিলায় সরকার সংরক্ষণ সুবিধা বাড়ানোর পাশাপাশি এলএনজি আমদানির সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। এ লক্ষ্যে নতুন টার্মিনাল নির্মাণের জন্য শিগগিরই টেন্ডার আহবান করা হবে।
এর আগে তিনি বাসিয়া খাল পরিদর্শন করেন। আগামী ২ মে খালটির খননকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































