ছবি: সংগৃহীত
বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এ অর্থায়নের লক্ষ্য হলো সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, পরিধি ও কার্যকারিতা বাড়ানো। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া।
‘সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর দ্বিতীয় সাবপ্রোগ্রামের আওতায় এ ঋণ দেয়া হচ্ছে। এর মাধ্যমে সামাজিক সুরক্ষামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আরও শক্তিশালী করা হবে। এতে ঝুঁকি, বঞ্চনা ও দারিদ্র্য কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে নারীরা সুরক্ষার আওতায় আসবে। অংশীদারিত্বভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে দারিদ্র্যের ঝুঁকি কমবে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে।
আরও পড়ুন <<>> জ্বালানি তেলের বাড়তি দামে পুড়ছে নিত্যপণ্যের বাজার
এ কর্মসূচির আওতায় বিভিন্ন সংস্কার কার্যক্রম নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অংশীদারিত্বমূলক সামাজিক সুরক্ষা প্রকল্প উন্নয়ন, যা সরকারের আর্থিক চাপ কমাতে সহায়ক হবে।
এছাড়া বিধবা ভাতা কর্মসূচিতে অন্তত ২ লাখ ৫০ হাজার নতুন সুবিধাভোগী নারী যুক্ত করা হবে। একটি প্রধান কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে জলবায়ু অভিযোজনমূলক উদ্যোগ নেয়া হবে, যা সামাজিক সুরক্ষাকে আরও শক্তিশালী করবে।
একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক-এর বিশেষ পুনঃঅর্থায়ন প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সেবায় প্রবেশাধিকার অন্তত ১৫ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































