মাস না ঘুরতেই ফের সোনার দাম বাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের প্রতি গ্রাম সোনার দাম ৯২৭০ টাকা থেকে বেড়ে ৯৩৭০ টাকা ঘোষণা করা হয়েছে। এতে প্রতি গ্রাম সোনার দাম বেড়েছে ১০০ টাকা।
সে হিসাবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯ হাজার ২৯১ টাকা। যার আগের দাম ছিল ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। ফলে ভরি প্রতি সোনার দাম বেড়েছে ১১৬৬ টাকা।
সোমবার (১৮ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯ হাজার ২৯১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা ও ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৯ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৪ হাজার ৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ৬ ডিসেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩ হাজার ২৬৬ টাকা ও ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৩ হাজার ১১৬ টাকা নির্ধারণ করা হয়।
সোনার দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































