Apan Desh | আপন দেশ

মৎস্য খাতের উৎপাদন-রফতানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতি‌বেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৫৭, ২২ নভেম্বর ২০২৬

মৎস্য খাতের উৎপাদন-রফতানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

ছবি: আপন দেশ

দেশের মৎস্যসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি রফতানি বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন তিনি। 

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মৎস্য ভবনে ওয়ার্ল্ড ফিশারিজ ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। এতে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে। 

তিনি বলেন, একসময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রফতানি আয় ছিল উল্লেখযোগ্য। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও এ খাতে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না কেন, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। 

মাছের স্বাদ ও গুণগত মান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বেড়ে ওঠার পরিবেশ সংরক্ষণ করতে হবে। নদী-খালের নাব্যতা কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মিশে যাওয়ায় মাছের উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানে শিল্পকারখানার বর্জ্য পরিশোধন নিশ্চিত করা এবং নদী-খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন <> এসএমই খাতে ৫ বছরে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পানিপ্রবাহ ও জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রের নদী ও মোহনায় নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। নদী-খালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা গেলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে। 

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নে নেয়া উদ্যোগের অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও বলেন তিনি। 

মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন, রফতানি ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে।

মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং মৎস্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/কেএম/এমটিআই

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: