Apan Desh | আপন দেশ

ঠাকুরগাঁও ১ আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁও প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৮:৩৭, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ০৮:৩৯, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও ১ আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ছবি: আপন দেশ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় তার ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এটি একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম এসব তথ্য জানান। 

তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোথাও কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার আছেন ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। পাঁচজন প্রার্থীর মধ্যে থেকে এ সংসদীয় এলাকার নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন তারা।

নির্বাচনে অংশগ্রহণকারী পাঁচ প্রার্থী হলেন— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, উপ-নির্বাচনে ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন ভোটারের ভোটগ্রহণে ৫ হাজার ৩০০ জন প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্যরা কাজ করবেন।

আরও পড়ুন<<>>রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে ভোট গ্রহণ শুরু

রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা জানান, নির্বাচনকালীন যেকোন ধরণের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকান্ড প্রতিরোধে সতর্ক ও প্রস্তুত রয়েছেন তারা।

এদিকে, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে ৯জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য,গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ আসনে ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে এমপি হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। ৩ হাজার ৯৫১ ভোট পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলামের বাক্সে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়