ছবি: আপন দেশ
স্কুলছাত্রী তাজমিন হত্যার ঘটনায় গ্রেফতার সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে কুমিল্লায় আনা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের সঙ্গে থাকা মোবাইল ফোনটিও উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় সুমন ছাড়া অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
শুক্রবার (০৯ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে সুমনকে কুমিল্লায় আনা হয় বলে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন <> স্কুলছাত্রী তাজমিন হত্যা: সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেফতার
তিনি বলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল এ ঘটনায় কাজ করছে। চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়।
ওই কর্মকর্তা আরও জানান, তাজমিনের মৃত্যুর ঘটনার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে নজরদারি চালানো হচ্ছে। সুমন যাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলমান থাকায় ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে চাননি।
আরও পড়ুন <> তাজমিনের মৃত্যুর আগে কী ঘটেছিল, ধরা পড়ল সিসিটিভিতে
এর আগে শুক্রবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সুমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। পরে লালমাই থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তাজমিন হত্যার ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































