ছবি: আপন দেশ
কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতে আধুনিক ও পরিকল্পিত কৃষির গুরুত্ব দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় কৃষিপ্রেমীদের জন্য নতুন সম্ভাবনার বার্তা নিয়ে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউটে গড়ে উঠেছে বাগান বাড়ি এগ্রো নার্সারী।
বিভিন্ন জাতের ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা উৎপাদন ও সরবরাহের পাশাপাশি আধুনিক কৃষি কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে গড়ে তোলা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বৃক্ষপ্রেমিকসহ সর্বমহলের নজর কাড়তে সক্ষম হয়েছে।
বাগান বাড়ি এগ্রো নার্সারীর উদ্যোক্তা নিজাম আহমদ জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে বাগান বাড়ি এগ্রো নার্সারীর কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, শুধু গাছের চারা বিক্রি নয়, কৃষি ও বৃক্ষরোপণের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং বাড়ির আঙিনা, বাগান ও কৃষিজমিকে পরিকল্পিতভাবে ব্যবহারে উৎসাহিত করাই আমার মুল লক্ষ্য। মানসম্মত চারা সরবরাহের পাশাপাশি ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী গাছ নির্বাচন ও পরিচর্যা বিষয়ে পরামর্শ দেয়ার উদ্যোগও থাকবে এ প্রতিষ্ঠানে।
আরও পড়ুন <<>> অনলাইনে হুংকার নয়, দেশের মাটিতে আসেন: তথ্য প্রতিমন্ত্রী
স্থানীয়রা জানান, পরিকল্পিতভাবে পরিচালিত হলে এ ধরনের নার্সারি স্থানীয়ভাবে ফলদ ও বনজ গাছের চাহিদা পূরণ করবে। পাশাপাশি কর্মসংস্থান ও কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখতে পারে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের চারা উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি কার্যক্রমকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনায় এ প্রতিষ্ঠান কাজ করবে বলে আমাদের বিশ্বাস।
দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার গৌতম পাল বলেন, আগামী প্রজন্মের বসবাসযোগ্য এ পৃথিবী গড়ে তুলতে সবুজ প্রকৃতি গড়ে তোলার বিকল্প নেই। উদ্যোক্তা নিজাম আহমদের এ ব্যতিক্রমী উদ্দোগ গোটা এলাকার বৃক্ষরোপন ও পরিচর্যাকারীদের জন্য নতুন বার্তা দিবে।
কৃষি ও বৃক্ষরোপণের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি একটি সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গঠনে ‘বাগান বাড়ি এগ্রো নার্সারী’ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি জানান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































