ছবি: আপন দেশ
বাগেরহাটের চিতলমারীতে ক্যাথলিক চার্চে অনধিকার প্রবেশ করে ভাঙচুর করা হয়। এ সময় চার্চে থাকা মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেয়া হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে চার্চের পাশের পুকুর থেকে মূর্তিটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশের বরাতে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে চিতলমারী থানাধীন নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মো. ফায়জুল শেখ (৩৫) নামের এক ব্যক্তি চার্চের বারান্দায় প্রবেশ করে দেয়ালের সঙ্গে থাকা কাঁচের বক্স ভাঙচুর করেন। এতে বক্সের মধ্যে থাকা মা মারিয়ার মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়। পরে তিনি মূর্তিটি পাশের পুকুরে ফেলে দেন।
আরও পড়ুন<<>>শান্তি-উন্নয়নে পার্বত্য চট্টগ্রামকে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী হেলাল
ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যান। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্ত ফায়জুল শেখকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে চার্চের পশ্চিম পাশের পুকুরে অভিযান চালানো হয়। এ সময় পানির নিচ থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেন। মামলাটি চিতলমারী থানার মামলা নং-১২, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬। এতে দণ্ডবিধির ৪৪৭/৪৪৮/২৯৫/৪২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































