Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে ২ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৯, ১৮ আগস্ট ২০২৬

কুড়িগ্রামে ২ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান

ছবি : আপন দেশ

কুড়িগ্রাম সদর উপজেলায় অনিবন্ধিতভাবে খাদ্যপণ্য প্রস্তুত, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জেলা প্রশাসন, কুড়িগ্রাম এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান-১-এ ধরলা ব্রিজসংলগ্ন কুরিয়ার বাজার এলাকায় জনৈক মো. আনোয়ার হোসেনের পরিচালিত একটি খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটি অনিবন্ধিত অবস্থায় খাদ্যপণ্য প্রস্তুত করছিল বলে অভিযান পরিচালনাকারী দল দেখতে পায়। কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন ছিল। এ ছাড়া পোড়া তেল ও অননুমোদিত উপকরণ ব্যবহারের প্রমাণও পাওয়া যায়। এ অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

অন্যদিকে, দাদা মোড়সংলগ্ন মোগলবাসা রোড এলাকায় অবস্থিত ‘রজনীগন্ধা’ বেকারির কারখানায় অভিযান চালিয়ে একই ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যায়। কারখানার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। সেখানে পোড়াতেল এবং অননুমোদিত রঙ ও সুগন্ধি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান দুটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল খায়ের সুমি। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, কুড়িগ্রাম সার্বিক সহযোগিতা প্রদান করে। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মচারীদের সরকারের প্রচলিত সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশন নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন : ঘুমের ব্যাঘাত করায় নবজাতককে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

খাদ্যে ভেজাল বা অনিয়মের তথ্য জানাতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের টোল-ফ্রি নম্বর ১৬১৫৫-এ যোগাযোগ করার জন্য জনসাধারণকে আহ্বান জানানো হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়