ছবি: আপন দেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলি হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে ফতুল্লা থানার ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল।
পুলিশের গুলিতে আহতাবস্থায় আটক শীর্ষ মাদক কারবারি হলেন রেজ্জাক বেপারীর ছেলে জসিম (২৪) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।
পুলিশ জানায়, ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযানের সময় জসিম, মোহনসহ ৭ থেকে ৮ জন মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি ছোড়ে। এতে জসিম গুলিবিদ্ধ হন। মাদক কারবারিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।
আরও পড়ুন <<>> বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলগুলোর পরামর্শ নেয়া হবে: প্রধানমন্ত্রী
পরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই অস্ত্রধারীকে আটক করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পালটা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































