সুপ্তা সেন ঋতু, আপন দেশ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কৃতী সন্তান সুপ্তা সেন ঋতু বাংলাদেশ বেতারের অডিশনে নজরুল সংগীতে তালিকা ভুক্ত হয়ে নতুন এক সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ অর্জনে পরিবার, স্বজন, শিক্ষক, শুভাকাঙ্খী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সংগীতচর্চার সঙ্গে যুক্ত সুপ্তা সেন নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আসছেন। সম্প্রতি বাংলাদেশ বেতারের শিল্পী তালিকাভুক্তির জন্য অনুষ্ঠিত অডিশনে অংশ নিয়ে তিনি নির্বাচিত হন। বাংলাদেশ বেতারে সুযোগ পাওয়াকে তিনি তার শিল্পীজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেন, সুপ্তা সেনের এ অর্জন কালীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের জন্য গর্বের। তার সাফল্য নতুন প্রজন্মকে সংগীতচর্চায় আরও উৎসাহিত করবে
আরও পড়ুন<<>>বিটিএস তারকার সেই শার্ট কোটি টাকায় বিক্রি
সুপ্তা সেন নিজ গ্রামেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন শেষ করে ঢাকার আগারগাঁওয়ে সরকারি সংগীত কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি একই শিক্ষা প্রতিষ্ঠানে বিএ (অনার্স) ‘ইন মিউজিক’ নজরুল সংগীত বিভাগের ২য় বর্ষের ছাত্রী। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের পিতা মৃত শ্যামল চন্দ্র সেন ও মাতা সবিতা সেনের কন্যা।
প্রতিক্রিয়ায় সুপ্তা সেন ঋতু বলেন, ছোটবেলা থেকেই গান আমার ভালোবাসা, গান আমার স্বপ্ন। পরিবারের সহযোগিতা, শিক্ষকদের দিকনির্দেশনা ও আমার গুরু মা বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ছন্দা চক্রবর্তীর নিকট সংগীতে তালিম নিয়ে সবার আশির্বাদে বাংলাদেশ বেতারে সুযোগ পেয়েছি। ভবিষ্যতেও ভালো গান উপহার দিয়ে আরোও ভাল কিছু করতে চাই।
এলাকাবাসীর প্রত্যাশা, সুপ্তা সেন ভবিষ্যতে দেশ-বিদেশে কালীগঞ্জের নাম আরও উজ্জ্বল করবেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































