Apan Desh | আপন দেশ

শিশু ধর্ষণের পর হত্যা, দুই দিনের রিমান্ডে অভিযুক্ত রবিউল

নড়াইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৬, ২২ জুলাই ২০২৬

শিশু ধর্ষণের পর হত্যা, দুই দিনের রিমান্ডে অভিযুক্ত রবিউল

ছবি: আপন দেশ

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল সিকদার রবির (৩৫) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ জুলাই) সকাল থেকে তার দুইদিনের রিমান্ড শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) পুলিশ আসামি রবির বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করলে সদর আমলী আদালতের বিচারক মারুফ হাসান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এ মামলার একমাত্র আসামি রবিকে জিজ্ঞাসাবাদের জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকালে নড়াইল সদর থানায় নেয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে প্রতিবেশি ও ফুফাতো ভাই রবিউল সিকদার রবির বিরুদ্ধে পাঁচ বছরের শিশু জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ জুলাই) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে রাজমিস্ত্রি রবিকে ঘটনার পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে আটক করে পুলিশে দেন স্থানীয় জনতা। নিহত জান্নাতি দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।  

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে পৃথক দুটি মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

এদিকে, শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল সিকদারের ফাঁসির দাবিতে এসপি অফিসের সামনে মঙ্গলবার প্রায় এক ঘণ্টা বৃষ্টির মধ্যে নড়াইল-মাইজপাড়া-মাগুরা সড়কে অবস্থান করেন ছাত্র-জনতা।

অপরদিকে, নড়াইল-বেনাপোল-ঢাকা জাতীয় মহাসড়কের দত্তপাড়া এলাকায় বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। ওইদিন (মঙ্গলবার) বিকেল ৩টায় নড়াইল-০১ আসনের এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত রবিউলের দ্রুত বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

নিহত জান্নাতুলের চাচা মুজিবুর রহমান বলেন, জান্নাতুলের বাবা মফিজুর রহমান সোমবার বিকেলে স্থানীয় হাট থেকে মিষ্টি নিয়ে বাড়িতে আসেন। জান্নাতুল মিষ্টি খেতে খেতে বাড়ির পাশের রাস্তায় ঘোরাফেরা করছিল। এ সময় প্রতিবেশি ফুফাতো ভাই রবিউল সিকদার তাদের বাড়িতে জান্নাতুলকে ডেকে নেয়। ঘণ্টাখানেক পরও জান্নাতুল বাড়িতে না আসায় তাকে পরিবারের লোকজন আশেপাশের বাড়িতে ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে রবিউল সিকদারের ঘরের মেঝে থেকে কাপড় দিয়ে ঢাকা জান্নাতুলের নিথর মরদেহ উদ্ধার করে। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। রবিউল একাই তার ঘরে থাকতেন। বিবাহিত হলেও অনেক দিন ধরে তার স্ত্রী-সন্তান বাড়িতে ছিল না।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়