ছবি: আপন দেশ
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে উপজেলায় পারিবারিক বিরোধে নিয়ে স্থানীয় সালিসি বৈঠকে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করে নাতি। এ ঘটনায় নাতি মো. আশিক (২৩)কে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ১৩ জুলাই (সোমবার) গভীর রাতে ঢাকা যাত্রাবাড়ী এলাকা থেকে র্যাব-১০ ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে আশিককে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র্যাব।
মামলার বিবরণী সূত্রে জানা যায়, আশিকের বাবা ফারুক ও মা আয়েশা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধে চলে আসছিল। এ ঘটনায় শুক্রবার (০৩ জুলাই) রাতে স্থানীয়ভাবে একটি সালিসি বৈঠক হয়। ঘটনার সময় আয়েশার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় আয়েশা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তিনি মোবাইলফোনে ঢাকায় থাকা তার ছেলে আশিককে বিষয়টি জানায়।
আরও পড়ুন<<>>দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গ্রেফতার
আশিক ঘটনাটি জানতে পেরে রাতে এলাকায় আসে। শনিবার (০৪ জুলাই) বিকেলে ঘটনাটি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি দাদা নজরুলকে গুলি করে। তার বাম হাতের কব্জির ওপর গুলিবিদ্ধ হয়। ঘটনার পর থেকে আশিক পলাতক ছিলো। এ ঘটনায় নাতি আশিকের বিরুদ্ধে সোমবার (০৬ জুলাই) নজরুল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, মামলার পর থেকে আসামি আশিক পলাতক ছিলেন। আমরা তাকে গ্রেফতার করেছি। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে চন্দ্রগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































