Apan Desh | আপন দেশ

দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান, ৫ পরিবহনকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২০, ৭ জুন ২০২৬

দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান, ৫ পরিবহনকে জরিমানা

ছবি: আপন দেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। এ সময় যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়, ফিটনেস সনদ ও রুট পারমিট না থাকার অভিযোগে পাঁচ পরিবহনকে ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (০৬ জুন) বিকেল ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান ও মো. আশরাফুল ইসলাম।

পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ, কর্মস্থলে প্রত্যাবর্তন নির্বিঘ্ন রাখা এবং যাত্রী ভোগান্তি রোধকল্পে দৌলতদিয়া ফেরিঘাট ও আশপাশের এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।  

আরও পড়ুন<<>>পুশ-ইন ঠেকাতে বিজিবির মাইকিং

অভিযান চলাকালে দৌলতদিয়া ফেরি ঘাট, লঞ্চঘাট ও বাস টার্মিনালে লঞ্চ ও ফেরিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করার নির্দেশ দেয়া হয়। ফেরিতে ওঠার পূর্বে গণপরিবহন থেকে সকল যাত্রীকে নামানো এবং সংশ্লিষ্ট নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হয়।

একই সঙ্গে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। পাশাপাশি, অভিযানকালে “সড়ক পরিবহন আইন, ২০১৮”-এর বিভিন্ন ধারা অনুযায়ী ফিটনেস সনদ ও রুট পারমিট না থাকা এবং যাত্রীদের নিকট থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে এসপি গোল্ডেন লাইন, রাবেয়া পরিবহন, ঝিনাইদহ লাইন, মাস্টার পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনকে ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আশরাফুল ইসলাম ও মো. আশিকুজ্জামান বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন, রাজবাড়ী এর এ ধরনের তদারকি ও সচেতনতামূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়