ছবি: আপন দেশ
ডেঙ্গুর বিস্তার রোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ জুন) সকাল ১০টায় শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।
গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ রোগ মোকাবিলায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতা। নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে বংশবিস্তার করে। তাই ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, পানির ট্যাংক ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। তিন দিনের বেশি কোনো স্থানে পানি জমে থাকতে না দেয়ার জন্যও সবাইকে আহবান জানানো হয়।
আরও পড়ুন<<>>বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান বলেন, জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরে লালচে দাগসহ ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সময়মতো চিকিৎসা গ্রহণ করলে ডেঙ্গুজনিত জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব।
কর্মসূচিতে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব পিপিএম, যাদব সরকার, হেদায়েতুল ইসলাম এবং মাহমুদুন্নবী টিটু উপস্থিত ছিলেন।
জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, পুলিশ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা গেলে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। তারা এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি জানান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































