ছবি : আপন দেশ
পটুয়াখালীর বাউফলে বিয়ের অনুষ্ঠানে মুরগির রোস্ট চাওয়াকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (০৫ জুন) দুপুরে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)।
জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের একজন মেহমান কনের পক্ষের এক পরিবেশনকারীর কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। এসময় রোস্টের পরিবর্তে অন্য মাংস পরিবেশন করা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন আহত হন। তাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।
কনের মামা বাবলু আকনের দাবি, রোস্ট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বরপক্ষের ওই ব্যক্তি হামলা চালালে তা সংঘর্ষে রূপ নেয়।
আরও পড়ুন : রাজধানীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































