ছবি: আপন দেশ
নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় কামাল হোসেন নামের এক ব্যবসায়ীর নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (০৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।
গ্রেফতার মো. রনি (২৪), যাকে স্থানীয়ভাবে কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
মো. মুহিত কবীর জানান, বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী এবং র্যাব-১১, সিপিসি-২-এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রনি নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের নিয়ন আলী হাজী বাড়ির মো. ইউসুফের ছেলে। নিহত কামাল হোসেন একই ইউনিয়নের লচি সর্দার বাড়ির মৃত সোলেমানের ছেলে। তিনি গাছের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাদপুর ইউনিয়নের লচি সর্দার বাড়ির পেছনে একদল যুবক জুয়া খেলছিল এবং উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করছিল। এসময় স্থানীয় বাসিন্দা ফরহাদ (২৭) তাদের স্থান ত্যাগ করতে বলেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থল ছেড়ে যায়।
আরও পড়ুন <<>> ‘কোটি টাকা ডিল’ হান্নান মাসউদের, ফাঁসকারীর বাড়িতে হামলা
পরে রাত সাড়ে ৯টার দিকে তারা দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে ফরহাদের বাড়িতে গিয়ে হামলা চালায় এবং তাকে মারধর করতে থাকে। ফরহাদের চিৎকার শুনে তার চাচা কামাল হোসেন এগিয়ে এসে তাকে রক্ষার চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, এসময় ইমাম উদ্দিনের নেতৃত্বে হামলাকারীরা কামাল হোসেনকে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার ব্যক্তিগত মালামালসহ চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্তের স্বার্থে মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































