ছবি: আপন দেশ
চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী উপজেলার বেল্লাপাড়া ক্রসিংয়ের তালতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা ক্রসিং পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিতোষ জানান, তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী তারেক জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। দুর্ঘটনার সময় বাস ও লেগুনার সংঘর্ষে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। এতে উভয় গাড়ির যাত্রীরা গুরুতর আহত হন। বিশেষ করে লেগুনার যাত্রীদের অবস্থা বেশি সংকটাপন্ন।
আরও পড়ুন<<>>বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
ক্রসিং পুলিশ ফাঁড়ির কর্মকর্তা হেলাল উদ্দীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় অসংখ্য মানুষ আহত হয়েছেন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































