ছবি: আপন দেশ
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। অন্যদিকে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে আরও এক শিশুর মৃত্যু হয়।
আরও পড়ুন <<>> মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, এক শিশু এবং তিনজন পুরুষ রয়েছেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন গোপালগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক আরিফ উজ জামান এবং পুলিশ সুপার হাবীবুল্লাহ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































