ফাইল ছবি
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বুধবার (২৭ মে) হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় ৪০টি গ্রামে ঈদ উদযাপিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরীফের ঈদ জামাত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী।
আহমেদ রেজা চৌধুরী জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরবার শরীফে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফ মাঠে প্রথম ঈদ জামাত হবে। এতে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।
এরপর সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় ঈদ জামাত হবে। এতে ইমামতি করবেন মাওলানা আরিফ চৌধুরী।
পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামেও একই দিনে ঈদ উদযাপন করা হবে। উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান।
আরও পড়ুন <<>> এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্পিকার
এছাড়া মুন্সীরহাট বাজারের পূর্ব পাশে টোরা ঈদগাহ ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায় আরেকটি ঈদ জামাত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মো. বরকত উল্যাহ।
মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায় ঈদ জামাত হবে। এতে ইমামতি করবেন মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম। এ উপজেলায় মোট ছয়টি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, প্রতিবছরের মতো এবারও দরবার শরীফ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত আয়োজন করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে কোরবানির পশু কেনাসহ সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। তার অনুসারীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই দিনে ঈদ উদযাপন করে আসছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































