Apan Desh | আপন দেশ

পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৯, ২৬ মে ২০২৬

পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

ছবি: আপন দেশ

কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধভাবে পাচারের সময় ১০টি বার্মিজ গরু জব্দ করেছে পুলিশ। এসময় পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। পাশাপাশি চালককেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এলপিজি পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেফতার হওয়া চালক সিরাজুল ইসলাম (২৫)। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই অচিন্ত কুমার দে’র নেতৃত্বে একটি দল মহাসড়কে চেকপোস্ট বসায়।

এসময় রামু উপজেলার পানিরছড়া এলাকা থেকে আসা গরুবোঝাই একটি সন্দেহভাজন পিকআপকে থামার সংকেত দেয়া হয়। সংকেত পেয়ে গাড়িটি থামে। তবে পেছনে থাকা দুই ব্যক্তি দ্রুত নেমে পাশের ধানক্ষেতে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে পিকআপ থেকে ১০টি অবৈধ গরু জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেন, বৈধ কাগজপত্র ছাড়াই সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরুগুলো আনা হয়েছিল। সেগুলো বিক্রির উদ্দেশে ঈদগাঁও বাজারে নেয়া হচ্ছিল।

আরও পড়ুন <<>> সুন্দরবনে ডাকাত দল গঠনের চেষ্টা, আটক ২

জব্দ হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার জানান, এ ঘটনায় গ্রেফতার হওয়া চালকসহ পলাতক অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

তবে প্রত্যক্ষদর্শীদের একটি অংশের অভিযোগ, জব্দের পর স্থানীয় কিছু প্রভাবশালী মহল গরু ও গাড়ি ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালায়। কিন্তু পুলিশের কঠোর অবস্থানের কারণে তা সম্ভব হয়নি।

সাম্প্রতিক সময়ে অবৈধ গরু পাচার এবং খাস কালেকশন নিয়ে নানা অভিযোগের পর প্রশাসনের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়