Apan Desh | আপন দেশ

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল দুই ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:১৯, ১৮ মে ২০২৬

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল দুই ভাইয়ের

ছবি: আপন দেশ

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইভাই নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে নবগঠিত মোকামতলা উপজেলায় লক্ষ্মীকোলা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যায় জড়িত সন্দেহে রাহাত নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন। 

নিহতরা হলেন বগুড়ার মোকামতলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াসিন আলী (৩৩) ও মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে জমির মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষ বাধে। 

এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হলে ইয়াসিন আলী ও সুমন মোল্লা গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়। গুরুতর আহত সুমন মোল্লাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন<<>>রাতভর উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

দুটি হত্যাকাণ্ডের পর লক্ষ্মীকোলা গ্রামে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইয়াসিন আলী ও সুমন মোল্লার মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এছাড়া এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই গ্রামের রাহাত নামে একজনকে আটক করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, তিন শতাংশ জমির মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ইয়াসিন নিহত ও হাসপাতালে নিলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়