ছবি: আপন দেশ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক গৃহবধুর বসতবাড়ির জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। শুধু জমি দখলই নয়, বাড়িতে ঢুকে হামলা, ভাংচুর ও ওই নারীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১০ মে) বালিয়াকান্দি থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলার জামালপুর ইউনিয়নের গুপ্তলক্ষণদিয়া গ্রামের মোছা. আলেয়া খাতুন (৪৩)।
অভিযোগ সূত্রে জানা যায়, বালিয়াকান্দি উপজেলার গুপ্ত লক্ষণদিয়া গ্রামের মৃত সরোয়ার মোল্লার ছেলে মো. শহিদ মোল্লা (৬০), মৃত রজত মোল্লার ছেলে আবু বক্কার মোল্লা (৩৫), মৃত সাঈদ মোল্লার ছেলে মো. নাসির মোল্লা (৪৫), মৃত বেলায়েত মোল্লার ছেলে রেজওয়ান মোল্লা (৪০), মো. কামরুল মোল্লা (৪৫), মো. নিজাম মোল্লা (৪২), মো. নাসির মোল্লার ছেলে রাকিব মোল্লা (২৫), কামরুল মোল্লার ছেলে সুমন (২৮), শামসু মোল্লার ছেলে সাগর মোল্লা (২৫), জালাল উদ্দিন মোল্লার ছেলে ফরিদ মোল্লা (৪০), মৃত লতিফ মোল্লার ছেলে শামসু মোল্লা (৪২) ও অজ্ঞাতনামা আরও ৮-৯ জন দীর্ঘদিন ধরে আলেয়া খাতুনের বসতবাড়ির জমি দখলের চেষ্টা করে আসছিল। তাদের ভয়ে আলেয়া খাতুন নিজের বাড়ি তালাবদ্ধ করে অন্যত্র ভাড়া বাসায় বসবাস শুরু করেন। জমি রক্ষায় তিনি আদালতে মামলাও দায়ের করেছেন।
আদালতের নির্দেশে শনিবার ( ৯ মে) সকাল ১১টার দিকে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে তদন্তে যায়। পুলিশ তদন্ত শেষে চলে যাওয়ার পরপরই তারা দেশীয় অস্ত্রসহ তার ভাড়া বাসায় প্রবেশ করে। সেখানে তাকে গালিগালাজ ও লাঠিসোটা দিয়ে ঘরের টিনের বেড়া ও দরজা ভাঙচুর করে।
আরও পড়ুন<<>>চরভদ্রাসনে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
ভুক্তভোগী আলেয়া খাতুন বলেন, তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় পরবর্তীতে সুযোগ পেলেই তাকে খুন করা হবে বলে হুমকি দেন।
অভিযোগপত্রে আলেয়া খাতুন উল্লেখ করেন, অভিযুক্তরা দাঙ্গা-হাঙ্গামা প্রিয় লোক। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতিতে তিনি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































