ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। শনিবার (০৯ মে) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বর্ডার গার্ড বাংলাদেশ।
নিহতদের একজন মো. মুরসালিন (২০)। তিনি কসবা উপজেলার ধজনগর গ্রামের মো. হেবজু মিয়ার ছেলে। অন্য নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, শুক্রবার (০৮ মে) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহযোগিতায় সীমান্ত পেরিয়ে ভারতের ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করেন।
পরে তারা ভারত থেকে চালানি মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাদের বাধা দেয়। এসময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশি চোরাকারবারিদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে বিএসএফ সদস্যরা ছররা বন্দুক থেকে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে মুরসালিন গুরুতর আহত হন। পরে তাকে ভারতের একটি হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। গুলিতে আহত আরও একজন একই হাসপাতালে মারা যান।
বিজিবি জানিয়েছে, আহত দুইজনের মৃত্যুর বিষয়টি বিএসএফ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
আরও পড়ুন <<>> গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
ঘটনার পর ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে কাজ চলছে। একই সঙ্গে বিএসএফকে প্রটেস্ট নোট পাঠানো এবং পতাকা বৈঠকের প্রস্তুতিও নেয়া হচ্ছে।
বিজিবি আরও জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে নিহত দুই ব্যক্তি আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের একজনের পরিচয় শনাক্ত করা গেছে। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে বলে বিএসএফ জানিয়েছে।
এদিকে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, নিহত মুরসালিন একজন কলেজছাত্র ছিলেন। অন্য নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































