Apan Desh | আপন দেশ

মাটিবাহী লরির ধাক্কায় কলেজছাত্রী নিহত

ফরিদপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:১১, ১৯ এপ্রিল ২০২৬

মাটিবাহী লরির ধাক্কায় কলেজছাত্রী নিহত

ফাইল ছবি

ফরিদপুর শহরে ইটভাটার মাটি বহনকারী একটি লরির ধাক্কায় উপাসনা ঘোষ (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে কোতোয়ালি থানাধীন মেরিন ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপাসনা ঘোষ ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে। আহত আকাশ বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বিধান সরকারের ছেলে। 

আরও পড়ুন<<>>দেয়াল কেটে ওয়েল্ডিং মেশিন চুরি, দুই ভাইসহ আটক ৪

পুলিশ সূত্রে জানা যায়, আকাশ মোটরসাইকেল যোগে উপাসনা ঘোষকে নিয়ে টেপাখোলা রিয়ো পেট্রলপাম্প থেকে জ্বালানি নিয়ে বেরিবাঁধ দিয়ে শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে মেরিন ইন্সটিটিউটের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি লরি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১৭-০৫৬০) ওভারটেক করার চেষ্টা করলে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়। 

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক এবং সঙ্গে থাকা কলেজ ছাত্রী দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আহত মোটরসাইকেল চালক আকাশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি ট্রাকের চালক হেলপার হোসেন মোল্লাকে (১৯) হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়