ছবি : আপন দেশ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি দোকানের দেয়াল কেটে ওয়েল্ডিং মেশিন চুরির অভিযোগে দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন—উপজেলার তিরনইহাট ইউনিয়নের যুগীগছ এলাকার রাশেদ আলীর দুই ছেলে মো. সাজু (২৬), মো. রাজু (৩৩) ও একই এলাকার আমির হোসেনের ছেলে আশরাফুল (৩৩) এবং ভোলাজোত এলাকার আইয়ুব আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ভেলকুগছ এলাকার ব্যবসায়ী মাসুদ রানা শালবাহান বাজারে তার ওয়েল্ডিংয়ের দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন শনিবার (১৮ এপ্রিল) সকালে দোকানে গিয়ে দেখেন, পিছনের দেয়াল ভাঙা এবং প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের একটি ওয়েল্ডিং মেশিন নেই।
মেশিনটি চুরির পর বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়ার একপর্যায়ে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে জনৈক হাসমত আলীর দোকানের সামনে সাজু ও রাজুকে একটি বস্তাসহ দেখতে পান ভুক্তভোগী মাসুদ রানা। তাকে দেখে তারা বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে বস্তার ভেতর থেকে চুরি যাওয়া ওয়েল্ডিং মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন<<>>পঞ্চগড়ে ৬ শতাধিক শিশুর হাতে ‘আগামীর ছায়া’
খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজু ও রাজুকে হেফাজতে নেয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরির সঙ্গে জড়িত অপর দুই সহযোগী আশরাফুল ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি মো. লাইছুর রহমান জানান, ওয়েল্ডিং মেশিন চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী একটি মামলা দায়ের করেছেন। সে মামলায় চারজনকে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































