চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের বিএমএ গেইটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ট্রেনের পাওয়ার কার ও একটি কোচ পুড়ে গেছে।
কুমিরা ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী এসব তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নির্বাপণ করা হয়। আগুনে ট্রেনের পাওয়ার কার ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি পুড়ে গেছে।
এহসান আলী বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ট্রেনে পাওয়ার কার থেকে আগুন লেগে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণে চট্টগ্রাম থেকে সিলেট ও ঢাকার পথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ওই পথে ডাবল লাইন থাকলেও নিরাপত্তা বিবেচনায় ট্রেন চলাচল সামিয়ক বন্ধ থাকে।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস সকাল ৭টার পরিবর্তে কিছুটা দেরিতে চট্টগ্রাম স্টেশন ছেড়েছে।
আরও েপড়ুন<<>>ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩
এদিকে ফৌজদারহাটে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব রেলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান তিনি। বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) কমিটির প্রধান করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানান, আন্তঃনগর চট্টলা এক্সপ্রেসে পাওয়ার কারসহ ১৮টি বগি ছিল। পেছন দিক থেকে ছয় নম্বরে থাকা পাওয়ার কার এবং একটি এসি বগি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































