Apan Desh | আপন দেশ

অতীত প্রেমের ঘটনায় যুবককে অপহরণ

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১০, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ১৮:১১, ২৪ মার্চ ২০২৬

অতীত প্রেমের ঘটনায় যুবককে অপহরণ

ছবি: আপন দেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিন বছর আগের একটি প্রেমঘটনার জের ধরে এক যুবককে অপহরণ ও মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে ডাকবাংলোর পিকনিক কর্ণার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম কবির হোসেন (২৭)। ভুক্তভোগী কবির তিরনইহাট ইউনিয়নের ব্রহ্মতোল এলাকার আব্দুল গফুরের ছেলে।

ভুক্তভোগীর স্ত্রী লিপা আক্তার বাদী হয়ে শহিদুল ইসলাম ও ওবায়দুল ইসলামসহ ছয়জনকে অভিযুক্ত করে তেঁতুলিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা উপজেলার সদর ইউনিয়নের সাহেবজোত এলাকার বাসিন্দা।

অভিযোগে বলা হয়েছে, তিন বছর আগে ওবায়দুল ইসলামের মেয়ে কবির হোসেনকে তার কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেয়ার সময় প্রেমের প্রস্তাব দেয়। কবির তা প্রত্যাখ্যান করলে মেয়েটি আত্মহত্যার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। পরে কবির মেয়েটিকে তার পরিবারের কাছে ফেরত দিলে তারা তাকে অন্যত্র বিয়ে দেয়। বর্তমানে কবিরও বিবাহিত এবং এলাকা ছেড়ে বাইরে থাকেন। অভিযোগে বলা হয়েছে, ওই ঘটনার পর থেকেই অভিযুক্তরা কবিরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

ঈদের ছুটিতে কবির সপরিবারে এলাকায় আসেন। সোমবার বিকেলে বন্ধুদের সঙ্গে ডাকবাংলোর পিকনিক কর্ণারে ঘুরতে গিয়ে অভিযুক্তরা তাকে অতর্কিতে আক্রমণ করে, মুখ চেপে ধরে জোরপূর্বক অটোভ্যানে তুলে নিয়ে যায়। তাকে চৌরাস্তা বাজারের খন্দকার মার্কেটে শহিদুল ইসলামের ধান-চালের গুদামে আটক রেখে রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালানো হয়।

ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগ, হামলাকারীরা কবিরের অন্ডকোষে লাথি ও লাঠি দিয়ে আঘাত করেন এবং নগদ ৪০ হাজার টাকা ও একটি অগ্রণী ব্যাংকের চেক ছিনিয়ে নেন।

আরও পড়ুন <<>> ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

পরিবারের খবর পেয়ে পুলিশ শহিদুলের গুদাম থেকে কবিরকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

কবির হোসেন বলেন, আমি তিন বছর এলাকার বাইরে ছিলাম। সে ঘটনা নিয়ে অভিযুক্তরা আমার ওপর হামলা চালিয়েছে। আমি এর ন্যায় বিচার চাই। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়