ছবি: আপন দেশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আক্তার মিয়া ও হাবিব মিয়া। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পূর্ব শত্রুতার জেরেই দুই পক্ষের মধ্যে এ সহিংসতা শুরু হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। দুপুর আড়াইটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠে। এসময় বিএনপির সমর্থক রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেয়।
এ ঘটনার পর জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করেন। বিষয়টি কেন্দ্র করে তিনি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। এরপর থেকেই দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। কয়েকদিন আগেও তারা সংঘর্ষে জড়ায়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজন আবারও মুখোমুখি হয়। টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এতে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আক্তার মিয়া ও হাবিব মিয়ার মৃত্যু ঘটে।
আরও পড়ুন <<>> নাটোরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষ, নিহত ৩
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হাসপাতালে দুজন গুরুতর আহত ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































