ছবি: আপন দেশ
পাবনার ঈশ্বরদীতে একটি হস্তশিল্প কারখানায় ইফতার খাওয়ার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর এলাকায় ‘বিডি ক্রিয়েশন’ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিকদের ভাষ্য, সোমবার প্রায় ৩৫০ জন শ্রমিকের জন্য ইফতারের আয়োজন করে কারখানা কর্তৃপক্ষ। ইফতারের মেন্যুতে ছিল মুড়ি, ছোলা, পেঁয়াজু, আলুর চপ ও স্যালাইন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই শ্রমিকদের মধ্যে পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানার উপসর্গ দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই অনেকে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
সোমবার রাত ১০টা পর্যন্ত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৩০ জন শ্রমিক ভর্তি হয়েছেন। কারখানার সুইং বিভাগের শ্রমিক মহিদুল ইসলাম জানান, ইফতার করার পরপরই তার তীব্র পেটব্যথা ও বমি শুরু হয়। শম্পা খাতুন, খাদিজা ও রেশমাসহ অনেক নারী শ্রমিককে পেটব্যথায় কাতরাতে দেখা গেছে।
আরও পড়ুন <<>> কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এছাড়া দাশুড়িয়া বাজারের বিভিন্ন বেসরকারি ক্লিনিকেও অনেক শ্রমিক চিকিৎসা নিচ্ছেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালাউদ্দিন ইউসুফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্রমিকরা খাদ্যবিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং আরও রোগী আসার আশঙ্কা রয়েছে।
ঘটনার বিষয়ে জানতে কারখানার মানবসম্পদ কর্মকর্তা মশিউর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে ইফতারিতে ব্যবহৃত খাবারের মান নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































