Apan Desh | আপন দেশ

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২২, ১৬ মার্চ ২০২৬

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

বিগত ১৫–১৬ বছরে দেশে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, তা এক বা পনেরো মাসে সমাধান করা সম্ভব নয়। তাই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য দেশবাসীর ধৈর্য, সময় ও সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা বিএনপি আয়োজিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সহযোগিতা চান। তিনি দিনাজপুরকে নিজের ‘নানিবাড়ি’ উল্লেখ করে আবেগময় স্মৃতিচারণও করেন।

তারেক রহমান বলেন, মানুষ সাধারণত নানিবাড়ি বলে, কিন্তু দিনাজপুর মনে হলে আমার ‘নানিবাড়ির’ কথাটা মনে হয়। স্বাভাবিকভাবেই এ এলাকার প্রতি আমার টান ও দায়িত্ববোধ রয়েছে।

সরকার গঠনের মাত্র এক মাসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, দিনাজপুরের কাহারোল থেকে খাল খননের কাজ শুরু হয়েছে। আগামী ৫ বছরে দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এর ফলে শুষ্ক মৌসুমে সেচের পানির অভাব দূর হবে, ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক হবে এবং আর্সেনিক সমস্যা কমবে।

কৃষি ক্ষেত্রে সরকারের পদক্ষেপও তুলে ধরেন তিনি। তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার প্রতিশ্রুতি আমরা সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে পূরণ করেছি। আগামী মাসের মধ্যে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ পাইলট প্রজেক্ট শুরু হবে।

আরও পড়ুন<<>> ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাই, আটক ২

নারী ক্ষমতায়নের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ প্রকল্প শুরু হয়েছে। পাইলট প্রজেক্টে দিনাজপুর-৬ আসনসহ দেশের ১৫টি জায়গায় মোট ৩৬ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। এটি ইউনিভার্সেল কার্ড, সব নারীই এটি পাবেন। তবে যাদের এটি প্রয়োজন নেই, তারা দায়িত্ববোধের জায়গা থেকে নেবেন না বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, সরকার গঠনের পর নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদ-মাদরাসার ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের জন্য সরকারিভাবে সম্মানীর ব্যবস্থা চালু করা হয়েছে।

কৃষিপ্রধান অঞ্চল হিসেবে দিনাজপুরে কৃষিসংক্রান্ত কলকারখানা স্থাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঈদের পরে শিল্পপতি ও কারখানার মালিকদের সঙ্গে বসে কৃষিনির্ভর মিল-কারখানা তৈরি করে বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেব। এছাড়া লিচু, আলু, টমেটো ও আমের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণের কাজও ধীরে ধীরে করা হবে।

দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সবার জন্য এ সরকার কাজ করতে চায়। আপনারা সহযোগিতা দিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে এ সরকার রাতদিন সর্বাত্মক চেষ্টা করবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের