প্রতীকী ছবি
ঝিনাইদহ সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষে আহত তরু মিয়া (৫০) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাগ্নে আবু কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত তরু মিয়া এক মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর গ্রামে নারী জামায়াত কর্মীদের ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে তরু মিয়া, তার ছেলে বিএনপি কর্মী শিপনসহ অন্তত আটজন আহত হন।
আরও পড়ুন <<>> কালবৈশাখীর তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু বলেন, নিহত তরু মিয়া বিএনপি কর্মী ছিলেন এবং ঘটনার জন্য জামায়াতকে দায়ী করেন। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আহত নেতাকর্মীদের দেখতে ঝিনাইদহ সদর হাসপাতালে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































