ছবি: আপন দেশ
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধকারী করেছে পোশাক শ্রমিকরা। তাদের অভিযোগ এখনো বেতন বোনাস পরিশোধ করেনি গার্মেন্টস কর্তৃপক্ষ। এসময় শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে প্রায় ৩ ঘণ্টা পর এ গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল সাড়ে ১১টা থেকে ‘শেফার্ড গ্রুপ (জিন্স) লিমিটেড’ কারখানার শ্রমিকরা বকেয়া পাওনার দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। দুপুর আড়াইটার দিকে দীর্ঘ যানজট নিরসন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যায়। শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। এসময় শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়লে যান চলাচল শুরু হয়।
অবরোধের কারণে রোজার দিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কয়েক হাজার যাত্রী, পণ্যবাহী ট্রাক এবং বিশেষ করে অ্যাম্বুলেন্সে থাকা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
আরও পড়ুন <<>> পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান বলেন, দীর্ঘ যানজটে অসুস্থ রোগী, বৃদ্ধ ও শিশুরা আটকা পড়ে চরম কষ্ট পাচ্ছিলেন। আমরা শ্রমিকদের অনেক বুঝিয়েছি। পরবর্তীতে মালিকপক্ষের কাছ থেকে বেতন পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পর জনস্বার্থে রাস্তা সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা ১০ মার্চের মধ্যে দেয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা দেয়নি। বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তবে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে সকল বকেয়া পরিশোধ করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































