ছবি: আপন দেশ
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড় জেলার দীর্ঘ ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল জোরদারের পাশাপাশি দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (০৭ মার্চ) সকাল থেকে ১৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে বিশেষ নজরদারি, তল্লাশি ও টহল কার্যক্রম শুরু করে।
বিজিবি সূত্র জানায়, বিজিবি সদর দফতরের বিশেষ নির্দেশনায় এ কড়াকড়ি আরোপ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে কোনোভাবেই জ্বালানি তেল দেশের বাইরে পাচার হতে না পারে, সে জন্য বিভিন্ন পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সীমান্ত অভিমুখে যাওয়া সন্দেহভাজন যানবাহন ও পণ্যবাহী ট্রাকগুলোতে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুন<<>>এলপি গ্যাসসহ চট্টগ্রামে নোঙর করল ১২ জাহাজ
এ ছাড়া বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হওয়া যাত্রীদের মালামালও তল্লাশির আওতায় আনা হয়েছে। নিয়মিত টহল দলের পাশাপাশি পুরো সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারিও কয়েক গুণ বাড়ানো হয়েছে।
১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও নেপাল থেকে আগত পাথরবাহী ট্রাকসমূহের ওপর বিজিবি বিশেষ নজরদারি ও মনিটরিং করছে। বন্দরে প্রবেশ ও প্রস্থানের সময় প্রতিটি ট্রাক অধিক সতর্কতার সঙ্গে তল্লাশি করা হচ্ছে, যাতে কেউ অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সুযোগ না পায়।
তিনি আরও বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় কোনো ধরনের অবৈধ কার্যক্রম বা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবির এ বিশেষ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় পাচারকারী চক্রের তৎপরতা হ্রাস পাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। দেশের অমূল্য জ্বালানি সম্পদ রক্ষায় বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































