ছবি: আপন দেশ
বরগুনা সদর উপজেলায় এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয়দের গণপিটুনিতে অভিযুক্ত ইব্রাহিম হোসেন কালু নিহত হয়েছেন। তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।
শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার পাতাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও কন্ট্রাক্ট কিলিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেয়ায় ইউপি সদস্য গোলাম মোস্তফার ওপর হামলা চালানো হয়। গোলাম মোস্তফা বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নে ইউপি সদস্য।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,পূর্বপরিকল্পিতভাবে হামলাটি চালানো হয়। হামলার পর ক্ষুব্ধ গ্রামবাসী একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া করে।পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই কালু নিহত হন এবং তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হন।
আহত ইউপি সদস্য গোলাম মোস্তফাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, কালু বাহিনীর দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। কালু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। দুই থেকে তিন দিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে কালু আবারও এসব কার্যক্রম শুরু করে। ইউপি সদস্য মোস্তফা এসব অপরাধের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন <<>> লেকে গোসলে নেমে তিনজনের মৃত্যু
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবদুল আলীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মরদেহ ও আহত তৌহিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, নিহত ইব্রাহিম হোসেন কালু এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আহত তৌহিদকে পুলিশি পাহারায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































