ছবি: আপন দেশ
বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের তরুণ উদ্ভাবক নাঈম ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য অনন্য গৌরব বয়ে এনেছেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা Innovation World Cup (IWC) 2026 এবং International Invention & Innovation Competition (I³C) 2026-এ অংশ নিয়ে তিনি ও তার দল অর্জন করেছেন দুটি স্বর্ণপদক (Gold Award)।
নাঈম ইসলাম বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, Science & Robotics Club Bogura (SRCB)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং Team AquaNAR Bogura-এর টিম লিডার। তার সঙ্গে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করেছেন মো. আবু হোসেন।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে তাদের দল দুটি স্বর্ণপদক অর্জন করে। এ সাফল্যের মধ্য দিয়ে নাঈম ইসলাম শুধু নিজের নয়, ধুনট, বগুড়া এবং সমগ্র বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।
প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা নাঈম ইসলামের এই অর্জন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি তার দীর্ঘদিনের আগ্রহ এবং নিরলস পরিশ্রমই তাকে আন্তর্জাতিক সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।
আরও পড়ুন<<>>ফেসবুক-টিকটক থেকে সত্যিই কি লাখ টাকা আয় সম্ভব
নাঈম ইসলাম বলেন, “স্বপ্ন ছিল বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। আলহামদুলিল্লাহ, আজ সেই স্বপ্ন স্বর্ণপদকের গৌরবে রূপ নিয়েছে।” তিনি তার এ অর্জন দেশের সকল তরুণ উদ্ভাবক, কারিগরি শিক্ষার্থী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করেছেন।
তার এই সাফল্যে আনন্দিত মাঠপাড়া গ্রাম, ধুনট উপজেলা ও বগুড়াবাসী। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সংশ্লিষ্টদের মতে, নাঈম ইসলামের এ সাফল্য প্রমাণ করেছে যে সঠিক দিকনির্দেশনা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে গ্রামের একজন শিক্ষার্থীও আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উড়াতে পারে।
স্বর্ণ পদক জয়ী নাঈম ইসলাম রোববার দেশে ফিরেছেন। ধুনটের এ গর্বিত সন্তানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থার সভাপতি আঁখিনুর জামান বকুল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































