ছবি: আপন দেশ
জার্মান ফুটবল দলের একনিষ্ঠ ভক্ত মাগুরার কৃষক আমজাদ হোসেন। তিনি এবার সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ এক জার্মানির জাতীয় পতাকা প্রদর্শন করেছেন। মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর হাইস্কুল মাঠে এ পতাকা প্রদর্শনের আয়োজন করা হয়।
পতাকা দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মাঠে ভিড় করেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আমজাদ হোসেন জানান, জার্মান ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকেই এ আয়োজন। এবার জার্মানি চ্যাম্পিয়ন হলে ২০৩০ সালের বিশ্বকাপ উপলক্ষে তিনি ২২ কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করবেন। যা মাগুরার ভায়না থেকে সীমাখালী পর্যন্ত সড়কজুড়ে প্রদর্শন করা হবে।
মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের নেহাল উদ্দিন মোল্যার ছেলে আমজাদ পেশায় একজন কৃষক। ১৯৮৭ সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন চিকিৎসায় ফল না পেয়ে শেষ পর্যন্ত জার্মানির হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে সুস্থ হন বলে দাবি করেন তিনি। এরপর থেকেই জার্মানি এবং দেশটির ফুটবল দলের প্রতি তার বিশেষ অনুরাগ তৈরি হয়।
আরও পড়ুন <<>> ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু
আমজাদ জানান, এ পর্যন্ত পতাকা তৈরিতে তার প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে। এর জন্য তিনি নিজের কিছু জমিও বিক্রি করেছেন। তার ভাষ্য, জার্মান ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি এসব করছেন।
এর আগে ২০১৪ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা তৈরি করে আলোচনায় আসেন আমজাদ। ওই বছর বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ের পর বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের প্রতিনিধিরা তার সঙ্গে দেখা করেন। তাকে জার্মান ফ্যান ক্লাবের সদস্যপদ প্রদান করেন। বিশ্বকাপ ঘিরে আমজাদের ব্যতিক্রমী আয়োজন দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও স্থান পেয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































