ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বৈদ্যুতিক তার চুরির অপবাদে দুই যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
নিহতরা হলেন উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) এবং শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি হচ্ছে—এমন সন্দেহে এলাকাবাসী দুই যুবককে আটক করে। পরে তাদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ রেখে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার। পরে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, এলাকায় কয়েকদিন ধরে চুরির ঘটনা বাড়ায় গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছিলেন। এসময় মধ্যরাতে কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির গুজব ছড়িয়ে পড়লে সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং একপর্যায়ে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়।
আরও পড়ুন <<>> গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেফতার
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক তার চুরির সময় হাতেনাতে ধরা পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। নিহতদের অতীত কর্মকাণ্ড নিয়ে অপবাদ ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করে তাদের ওপর হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































