Apan Desh | আপন দেশ

আ.লীগের সাবেক এমপিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪১, ২ মার্চ ২০২৬

আ.লীগের সাবেক এমপিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছবি: আপন দেশ

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

সোমবার (০২ মার্চ) দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কোর্ট বিল্ডিং মসজিদের পেশ ইমাম মওলানা হাফিজুর রহমান জানাজায় ইমামতি করেন। পরে বিকেল ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ সোমবার ভোরে সীমান্ত পাড়ি দিয়ে টাঙ্গাইলে পৌঁছায়। এর আগে রোববার (০১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ দেশে আনা হয় বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা।

বেনাপোল-পেট্রোপোল শূন্যরেখায় ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে মরদেহ বাংলাদেশি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়। পরে সেটি টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ী এলাকায় তার নিজ বাসভবনে নেয়া হয়। সেখান থেকে জেলা সদর হেলিপ্যাডে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের ছোট ভাই আতোয়ার রহমান জানান, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরের কাছে দমদম এলাকার ফিনিক্স মেডিক্যাল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এক সপ্তাহের বেশি সময় হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যুর তিন দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগা জোয়াহেরুল ইসলাম মাল্টি অর্গান ফেইলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুর সময় তার পাশে স্ত্রী ও মেয়ে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন <<>> খাস পুকুর দখল নিয়ে বিএনপির দুই কর্মী নিহত

সরকারের অনুমতি এবং কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার পর তার মরদেহ দেশে আনা হয়।

জানাজায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, কেন্দ্রীয় নেতা শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইলের সাবেক পিপি এস আকবর খান, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম, সাধারণ সম্পাদক সাদিউর রহমান স্বপনসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

জোয়াহেরুল ইসলাম পেশায় টাঙ্গাইল আদালতের একজন আইনজীবী ছিলেন। তিনি করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের দুইবারের নির্বাচিত ভিপি এবং টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে গিয়ে কলকাতায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলা ছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়