ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে সোমবার (০২ মার্চ)। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন প্রয়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান মাসুদ।
রোববার (০১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের প্রধান মু. গোলাম কিবরিয়া ভিপি।
মাসুদুর রহমান মাসুদ জেলা জামায়াতের ব্যবসায়িক শাখার সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সেনা কর্মকর্তা। অন্যদিকে এ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হক রুবেল।
জানা গেছে, এলাকায় ব্যবসার পাশাপাশি বড় ভাই নুরুজ্জামান বাদলের হাত ধরেই রাজনীতিতে সক্রিয় হন মাসুদুর রহমান। বাতিল হওয়া নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। প্রার্থীর মৃত্যুর পর আবেগঘন বক্তব্য ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আলোচনায় আসেন।
আরও পড়ুন <<>> ১৮০ দিনের মধ্যেই শুরু হবে কাপ্তাই হ্রদ খনন: পার্বত্যমন্ত্রী
জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান জানান, জেলা কর্মপরিষদ সদস্য ও তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মাসুদুর রহমান মাসুদের নাম সংসদ সদস্য প্রার্থী হিসেবে কেন্দ্রে পাঠানো হয়। পরে কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে মনোনয়ন দেয়া হয়।
গত ৩ ফেব্রুয়ারি জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হলে নির্বাচন কমিশন প্রথমে ভোট স্থগিত এবং পরে নির্বাচন বাতিল ঘোষণা করে। এরপর নতুন তফসিল ঘোষণা করে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৫ মার্চ। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬-১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৫ মার্চ। তবে আগের বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র জমা দেয়ার প্রয়োজন হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































