ছবি : আপন দেশ
চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। নগরীর চন্দনপুরা এলাকায় শীর্ষ ব্যবসায়ী ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সংঘটিত এ ঘটনায় চারজন অস্ত্রধারী সন্ত্রাসী বাড়ির দ্বিতীয় তলা লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জানালার কাঁচ ভেঙে গেলেও কেউ হতাহত হয়নি। তবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ওই বাড়িতেই স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান পরিবারসহ বসবাস করেন। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আগ্নেয়াস্ত্র হাতে চার ব্যক্তি বাড়ির দিকে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তারা বাড়ির পেছনে চাক্তাই খালসংলগ্ন সড়ক ব্যবহার করে ঘটনাস্থল ত্যাগ করে।
এর আগে গত ২ জানুয়ারিও একই বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। প্রথমবার বাড়ির সামনে পুলিশ উপস্থিত থাকায় এবার হামলাকারীরা পেছনের দিক থেকে গুলি চালায় বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন <<>>বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে বেঁধে লুটপাট
টেক্সটাইল, পোশাক ও জ্বালানি খাতে ব্যবসা রয়েছে মুজিবুর রহমানের। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, চারজন অস্ত্রধারী প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে গুলি চালিয়ে পালিয়ে যায়। কারা এ হামলার সঙ্গে জড়িত তা শনাক্তে পুলিশ কাজ করছে এবং তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে। শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেও জানিয়েছেন তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































