Apan Desh | আপন দেশ

বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে বেঁধে লুটপাট

চাঁদপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে বেঁধে লুটপাট

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে পারুল বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার পুত্রবধূর হাত-পা বেঁধে ঘরের মালামাল লুট করে নিয়ে গেছে মুখোশ পরা দুর্বৃত্তরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম (৭০) মৃত লনু প্রধানের স্ত্রী।

নিহতের পুত্রবধূ হালিমা আক্তার (৩৫) জানান, নির্জন এলাকায় অবস্থিত তাদের বাড়িতে মুখোশ পরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে। তারা প্রথমে পারুল বেগমকে শ্বাসরোধে হত্যা করে। পরে তাকে হাত-পা বেঁধে ফেলে। দুর্বৃত্তরা ঘরের প্রয়োজনীয় মালামাল লুট করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, বাড়িতে গিয়ে তিনি একজনের মরদেহ পড়ে থাকতে দেখেছি। অন্যদিকে আরেকজন নারীকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় বিএনপি নেতা মনজুর আলম স্বপন বলেন, বাড়িটি নির্জন এলাকায় হওয়ায় দুর্বৃত্তরা সহজেই অপরাধ সংঘটিত করতে পেরেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান তিনি।

আরও পড়ুন <<>> সরকারের গঠনমূলক সমালোচনার আহবান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবির হাসনাইন সানীব জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, বিকেল ৫টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। পারুল বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়