Apan Desh | আপন দেশ

সরকারের কর্মকাণ্ডে আস্থা রাখার আহবান প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকুর

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সরকারের কর্মকাণ্ডে আস্থা রাখার আহবান প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকুর

ছবি : আপন দেশ

জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার। সরকারের কর্মকাণ্ডে আস্থা রাখার আহবান জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করছেন।

সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে উদার ভূমিকা পালন করছে। সাংবাদিকরা কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারবেন।

দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে টুকু বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক স্বস্তি দিতে বিএনপি সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে।

সরকারের চলমান উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রান্তিক কৃষকদের জন্য সার, কীটনাশক, ওষুধ ও অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি বলেন, চাঁদাবাজমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও মাদকমুক্ত টাঙ্গাইল গড়ে তুলতে প্রশাসন ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা প্রয়োজন। চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়—এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহবানও জানান তিনি।

আতাউর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন।

অনুষ্ঠানে সাংবাদিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement